বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে নিরাপদ পানি সরবরাহে ৩৫৪ কোটি টাকার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/১১/২০২৬ ০৩:৪৩:০৫ অপরাহ্ন

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে নিরাপদ পানি সরবরাহে ৩৫৪ কোটি টাকার প্রকল্প


নিরাপদ পানির সংকট, আর্সেনিক ও আয়রনের সমস্যা থেকে মুক্তি দিতে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় নতুন করে ৮৭৪টি পানির উৎস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৩৫৪ কোটি ৪৭ লাখ ১৬ হাজার ৭০০ টাকা ব্যয়ে ‘অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প’ গ্রহণের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে গোলাপগঞ্জে ৪৫৮টি এবং বিয়ানীবাজারে ৪১৬টি নতুন পানির উৎস স্থাপনের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন। প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত এর বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানের পরিবর্তে তিনি লিখিত প্রশ্নের জবাব দেন।

প্রতিমন্ত্রী জানান, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের। আর্সেনিক ও আয়রনের সমস্যার পাশাপাশি রয়েছে নিরাপদ পানির অভাব। এ সংকট মোকাবিলায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তিনটি উন্নয়ন প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। এসব প্রকল্পের পাশাপাশি নতুন করে আরও ৮৭৪টি পানির উৎস স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

চলমান প্রকল্পগুলোর মধ্যে ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’-এর আওতায় গত ছয় অর্থবছরে গোলাপগঞ্জে ১ হাজার ৬৫০টি পানির উৎস এবং ১৮টি কমিউনিটিভিত্তিক পানি সরবরাহ ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। একই প্রকল্পে বিয়ানীবাজারে বরাদ্দ রয়েছে ১ হাজার ৫০০টি পানির উৎস ও ১৮টি কমিউনিটিভিত্তিক পানি সরবরাহ ইউনিট।

বরাদ্দের বিপরীতে গোলাপগঞ্জে ১ হাজার ৫৬২টি এবং বিয়ানীবাজারে ১ হাজার ৪২০টি পানির উৎস স্থাপনের কাজ শেষ হয়েছে। দুই উপজেলায় মোট ৩ হাজার ১৫০টি পানির উৎস বরাদ্দ দেওয়া হলেও স্থাপন করা হয়েছে ২ হাজার ৯৮২টি। বাকি রয়েছে আরও ১৬৮টি উৎস স্থাপনের কাজ।

এ ছাড়া ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্প’-এর আওতায় গোলাপগঞ্জে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের ৩৮টি কমিউনিটিভিত্তিক ছোট স্কিমের কাজ চলছে। বিয়ানীবাজারে একটি বড় স্কিমের পাশাপাশি ৩৮টি ছোট স্কিম বাস্তবায়ন করা হচ্ছে।

অন্যদিকে, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার পুনর্নির্মাণে জরুরি সহায়তা প্রকল্প’-এর আওতায় গোলাপগঞ্জে ১৮০টি সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ এবং ৪০টি ছয় নম্বর পাম্পযুক্ত গভীর নলকূপ বরাদ্দ দেওয়া হয়েছে। বিয়ানীবাজারে বরাদ্দ রয়েছে ২০০টি সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ ও ৫০টি ছয় নম্বর পাম্পযুক্ত গভীর নলকূপ।

তিনটি চলমান প্রকল্পের মাধ্যমে দুই উপজেলায় বিভিন্ন ধরনের পানির উৎস ও পানি সরবরাহব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরও নিরাপদ পানির চাহিদা পূরণে নতুন প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। তবে ‘অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প’ এখনো অনুমোদন পায়নি। পরিকল্পনা কমিশনের প্রক্রিয়া শেষে অনুমোদন মিললে এবং বাস্তবায়ন শুরু হলে নতুন ৮৭৪টি পানির উৎস স্থাপনের কাজ এগিয়ে যাবে।

সংসদে দেওয়া জবাবে চলমান প্রকল্পগুলোর আওতায় স্থাপিত পানির উৎসের মধ্যে বর্তমানে কতটি সচল রয়েছে, কতটির পানি আর্সেনিক ও আয়রনমুক্ত এবং এসব প্রকল্পের মাধ্যমে কতসংখ্যক মানুষ নিরাপদ পানি পাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়নি। ফলে বরাদ্দ ও স্থাপনার সংখ্যা জানা গেলেও গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষের নিরাপদ পানির প্রকৃত প্রাপ্যতার চিত্র স্পষ্ট হয়নি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর