জিন্দাবাজারে 'হিট স্ট্রোকে' এক ব্যক্তির মৃত্যু
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০১ AM

জিন্দাবাজারে 'হিট স্ট্রোকে' এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ০৩:৩৩:৩১ AM

জিন্দাবাজারে 'হিট স্ট্রোকে' এক ব্যক্তির মৃত্যু


নগরীর জিন্দাবাজার এলাকায় প্রচণ্ড গরমে মোঃ শফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার নয়াগ্রাম এলাকার আবু আহমেদের পুত্র। হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এদিকে সিলেটে আজ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। ভেপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিটি সেন্টারের সামনে এই হঠাৎ মাথাঘুরে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সিটি সেন্টারের নিরাপত্তাকর্মী সাগর দেবনাথ জানান, ওই যুবক ফুটপাতে মাথা ঘুরে পড়ে যান। আমরা কয়েকজন তাকে ধরে সিটি সেন্টারের সামনের খালি জায়গায় নিয়ে আসি। এখানে নিয়ে আসার পর তিনি কয়েকবার শ্বাস নেন। এ সময় আমরা তাকে সামান্য পানি পান করাই। পরে তিনি শ্বাস নেওয়া বন্ধ করে দেন। আমাদের ধারণা তিনি এখানেই মৃত্যুবরণ করেছেন। পরে ওই যুবকের সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে এক স্বজনের নাম্বার বের করে কল দিয়ে বিষয়টি জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই তার এক স্বজন এখানে এসে তাকে নিয়ে যান।

নিহত শফিকুল ইসলামের বড় ভাই মো. জহিরুল ইসলাম জানান, সিটি সেন্টার থেকে শফিকুলকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শফিকুল সিলেট নগরীতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তিনি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পরিবারের সদস্যদের ধারণা, তীব্র গরমে হিট স্ট্রোকে তিনি মারা গেছেন।

সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই যুবককে পরিবারের লোকেরা আমাদের এখানে মৃত অবস্থায়ই নিয়ে এসেছেন। আমরা পরীক্ষা করে তাকে মৃত পেয়েছি।

এসএমপির মুখপাত্র ও এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মৃত্যু কি কারণে হয়েছে এটি সঠিক বলা যাচ্ছেনা।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর