ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোটের বাকি আর মাত্র একদিন। রোববার দিবাগত মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার- প্রচারণা। শেষ দিনের প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটগ্রহণ শুরুর আগের ৩২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে। সে হিসেবে রোববার দিন শেষে মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা।
দ্বিতীয় ধাপে সিলেটে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার। এই তিন উপজেলায় মোট ৩৭ জন প্রার্থী ভোট যুদ্ধে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সব রাজনৈতিক দল অংশ না নেয়ায় সাধারণ ভোটারদের মাঝে রয়েছে দ্বিধা। প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বিরামহীন প্রচারে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। মিছিল, উঠান বৈঠক ও লিফলেট বিতরণসহ রাতে-দিনে জমজমাট প্রচারণা চলছে উপজেলাগুলোতে। নির্বাচনের দিন ভালো পরিবেশের অপেক্ষায় ভোটাররা।
মঙ্গলবার সকাল ৮ টায় শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের জন্য ওই সব উপজেলায় ভোটের দিন সাধারণ ছুটি থাকবে।
উপজেলা নির্বাচনের প্রার্থীদের আচরণ ও বিধিমালায় এবার বেশ কিছু সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। সেসব নিয়ম অনুযায়ী এবারই প্রথম এই নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করা হয়। নির্বাচনে সাদা-কালো বা রঙিন পোস্টার, ব্যানার করার বিধান আনা হয়েছে।
এর আগে ২০০৮ সাল থেকে নির্বাচনি প্রচারে রঙিন পোস্টার করা বন্ধ ছিল। প্রতীক বরাদ্দের আগে এত দিন প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারের সুযোগ পেতেন না। এবার প্রতীক বরাদ্দের আগেও সীমিত পরিসরে এবং ডিজিটাল মাধ্যমেও প্রচার চালাতে পারছেন প্রার্থীরা।
এরই মধ্যে ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ২১ মে ভোটের দিন কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আজকের সিলেট/কে.আর
নিজস্ব প্রতিবেদক 








