সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে মহিষভর্তি ট্রাক ছিনতাই হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করেছে।এ ঘটনায় মামলা হলে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট মেট্রোপলিটন (এসএমপি) মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকার শাহরপরাণ ভাইপাস সড়ক মোড়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ঢ ১২-২৬৫৫) করে ৮টি মহিষ নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন চালক ও তার সহকারী। পথিমধ্যে শাহপরাণ বাইপাসে প্রবেশের পর থেকেই একটি সাদা রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ ১৪-৬৮৪১) তাদের ফলো করতে শুরু করে। ট্রাকটি ক্যান্টনমেন্ট এলাকা ও র্যাব-৯ সদর দপ্তর পেরিয়ে শ্রীরামপুরে বাইপাস এলাকায় আসলে মাইক্রোবাস ট্রাকের গতিরোধ করে। এসময় মাইক্রোবাসে থাকা ৮ জন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ট্রাকচালক ও সহকারীকে গাড়ি থেকে নামিয়ে ছিনতাইকারীদের ৩ জন লোক ট্রাকে উঠে ট্রাক নিয়ে গোলাপগঞ্জের দিকে পালিয়ে যায়।
বাকিরা ট্রাকের চালক ও সহকারীকে জিম্মি করে মাইক্রোবাসে তুলে ফেঞ্চুগঞ্জ সড়কে নিয়ে যায এবং ছিনতাইকারীদের গাড়ি প্রগতি পেট্রোল পাম্পের সামনে পৌঁছামাত্র ট্রাকের চালক ও সহকারী চিৎকার এবং ছিনতাইকারীদের সঙ্গে ধাস্তিধস্তি শুরু করেন। এসময় স্থানীয়রা ধাওয়া করে মাইক্রোবাস আটক করে ফেলেন। এ সময় ছিনতাইকারীদের মধ্যে ৩ জনকে জনতা আটক কররে অপর দুজন পালিয়ে যায়।
খবর পেয়ে মোগলাবাজার থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারী ৩ জনকে থানায় নিয়ে যায়।
পরে রাতে অভিযান চালিয়ে গোলাপগঞ্জ থেকে মহিষভর্তি ট্রাক উদ্ধার করে পুলিশ। এসময় অন্য কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এসএমপির মোগলাবাজার থানায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
মামলার আসামিরা হলো- চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার ইছানগর (ইসমাইল হাজির বাড়ি) গ্রামের সাকির আহমদের পুত্র মো. মুহিউদ্দিন (৪২), একই গ্রামের শরাফত আলীর পুত্র মো. নুর নবী (৩০), ওই গ্রামের সোহাগ (৩২), ফারুক (৩০) ও দিদার (৩৩), কক্সবাজার জেলার রামু থানার দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত ইসলাম মিয়ার পুত্র মো. তৌহিদুল ইসলাম তৈয়ব (২৪), হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বাসিয়াপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের পুত্র মো. গোলাম মোস্তফা রুবেল (২৮) এবং মৌলভীজার জেলার বড়লেখা থানার কেহুরীগুল গ্রামের মর্তুজ আলীর পুত্র আব্দুল আজিজ (৩০)।
এদের মধ্যে আটক মুহিউদ্দিন, তৈয়ব ও রুবেলকে মামরায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান- রাতে অভিযান চালিয়ে মহিষ ও ট্রাককে উদ্ধার করা হয়েছে। আর রোববার বিকালে গ্রেফতার ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আজকের সিলেট/বার্তা/কে.আর
নিজস্ব প্রতিবেদক 








