সিলেট-তামাবিল মহাসড়ক প্রকল্পে দুটি প্যাকেজের জন্য ২ হাজার ৪৬ কোটি ৮৩ লাখ ২৮ হাজার ১৫ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। চীনা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল কেমিক্যাল কমিউনিকেশনস কনস্ট্রাকশন গ্রুপ এই কাজ পেয়েছে।
শনিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান জানান, বাংলাদেশ সরকার (জিওবি) ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ ৪-লেনে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৬০ কোটি ৭১ লাখ ২৫ হাজার ৪২৩ টাকা। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠার হলো চায়না ন্যাশনাল কেমিক্যাল কমিউনিকেশনস কনস্ট্রাকশন গ্রুপ।
তিনি জানান, এছাড়া একই প্রকল্পের আওতায় প্যাকেজ নম্বর -৩ এর ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩৮৬ কোটি ১২ লাখ ২ হাজার ৫৯২ টাকা। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো চায়না ন্যাশনাল কেমিকেল কমিউনিকেশনস কনস্ট্রাকশন গ্রুপ।
আজকের সিলেট/ডি/এসটি









