মৌলভীবাজারে রথযাত্রার উৎসবে মেতেছেন ভক্তরা
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫৩ AM

মৌলভীবাজারে রথযাত্রার উৎসবে মেতেছেন ভক্তরা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ০৭:৩৬:৩১ AM

মৌলভীবাজারে রথযাত্রার উৎসবে মেতেছেন ভক্তরা


সারাদেশের ন্যায় মৌলভীবাজারে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।

রোববার বিকেল সাড়ে ৫ টায় মৌলভীবাজার পৌরশহরের সৈয়ারপুর ইসকন মন্দির থেকে রথ বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও ইসকন মন্দিরে শেষ হয়।

এর আগে শহরের পশ্চিমবাজারের মদন মোহন জিউ আখড়া থেকে আরও একটি রথ বের হয়ে জগন্নাথপুর গোবিন্দ জিউ আখড়া গিয়ে শেষ হয়।

এসময় দেখা যায়, জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা -এই ত্রিমূর্তিধারীর রথের রশি ধরে টানছেন ভক্তরা। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে রথযাত্রার উৎসবে মেতে উঠেন তারা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথ দেখলে ও টানলে পাপ মোচন হয়। তাই তারা প্রতিবছর রথ উৎসবে অংশ নেন বলে জানান ভক্তদের অনেকেই।

এর আগে দুপুর থেকেই পৌরশহরের বিভিন্ন সড়কে রথযাত্রা দেখার জন্য অবস্থান নেন শিশুসহ নানা বয়সী শত শত ভক্তবৃন্দ।

সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমেশ দাস যীশু বলেন, অবতার জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা -এই ত্রিমূর্তিধারীর রথ টেনে শোভাযাত্রা বের হয়েছে। জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

এদিকে জেলা শহরসহ সাতটি উপজেলার বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রথযাত্রার উৎসব শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, শ্রীমদ্ভাগবত গীতাপাঠ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, আরতি কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ধর্মীয় অনুষ্ঠানাদি। এসব ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুলাই উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর