সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী তার দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবার করা মামলায় মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল খালেক হান্নান মিয়া (৬০)। এর আগে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে ওসমানীনগর থানা-পুলিশ।
পুলিশ ও মামলা-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিশুটির পরিবার দীর্ঘদিন ধরে গলমুকাপন গ্রামের এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করে আসছে। সেই সূত্রে পাশের বাড়িতে যাতায়াত ছিল শিশুটির মায়ের ফুফা আব্দুল খালেক হান্নান মিয়ার।
অভিযোগ অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে বেড়াতে যান হান্নান মিয়া। ফেরার সময় চার বছর বয়সী শিশুটিকে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে যান তিনি। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
পরে শিশুটিকে নিয়ে আবার নিজের বাড়িতে গেলে গত ৪ অক্টোবর রাত আটটার দিকে বেড়ানোর কথা বলে তাকে একটি কক্ষে নিয়ে ফের ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় শিশুটির ছোট বোন ঘটনাটি দেখে তার মা ও খালাকে জানায়। এরপর বিষয়টি জানাজানি হয়।
পরবর্তী সময়ে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠান।
এ ঘটনায় শিশুটির বাবা মঙ্গলবার ওসমানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
ওসমানীনগর প্রতিনিধি 








