নিবন্ধিত জেলের সংখ্যা ৪১ হাজার। জেলায় গত এক দশকে নদী, হাওর উন্মুক্ত জলাশয়ে দেশি মাছের উৎপাদন কমেছে উদ্বেগজনক হারে। তবে বেড়েছে চাষের মাছের উৎপাদন।
নদীতে মাছ ধরতে আসা সুদাম দাস বলেন, বছর তিনেক আগেও এ মৌসুমে বেশ মাছ পাওয়া যেতো। কিন্তু এ বছর নদী ও হাওরে মাছ নেই বললেই চলে।
জেলে মনোহর দাস জানান, বছরের প্রায় সময়ই নদী ও হাওরে কারেন্ট, চায়না দুয়ারীসহ নিষিদ্ধ জাল দিয়ে মাছে শিকার হচ্ছে। আর এখন নতুন যোগ হয়েছে ইলেক্ট্রিক শক দিয়া মাছ শিকার করা। মৎস্য বিভাগের এ বিষয়ে কোনো তৎপরতা নাই বললেই চলে। এভাবে চলতে থাকলে ভবিষৎতে হয়তো নদীতে আর পোনা মাছও মিলবে না।
পৌর সদরের মাছের আড়তদার নানু মিয়া বলেন, আগে নদী, হাওর থেকে যে মাছ আসত এখন এর সিকি ভাগও আসছে না। এ বছর তো নদীর মাছ নাই বললেই চলে।
কাজল মিয়া নামের আরেক আড়তদার জানান, বছর তিনেক আগেও আড়তগুলোতে যেখানে দিনে ৪০-৫০ মণ নদীর মাছ আসতো। এ বছর সারা দিনে ৮/১০ মণ মাছও আসে না।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সোহানুর রহমান বলেন, হাওরে বিভিন্ন দেশি প্রজাতির মাছগুলো প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে। আমরা বিভিন্ন সময়ে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করি। হাওরে দেশি মাছের মূল সংকটের কারণ হচ্ছে জমিতে অতিমাত্রায় কীটনাশক ব্যবহার, অবৈধ নিষিদ্ধ জালের ব্যবহার এবং দেশি প্রজাতির মাছগুলো ছোট থাকতেই শিকার করা।
তিনি বলেন, আমাদের লোকবল সংকটের কারণে আমরা সবসময় মাঠে কাজ করতে পারি না। তবে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করছি।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের জলজ সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুন বলেন, মূলত জলবায়ু পরিবর্তন এবং ফসলি জমিতে কীটনাশক ব্যবহারের কারণে মাছের প্রজনন ক্ষমতা কমে গেছে। এ ছাড়া মাছের অভয়াশ্রম ও হাওর নষ্ট হয়েছে। অবৈধ পদ্ধতিতে মাছ নিধন করা হচ্ছে। এমনকি পানি শুকিয়ে মাটির নিচ থেকেও মাছ ধরা হচ্ছে ফলে দেশীয় মাছের আকাল তৈরি হচ্ছে।
তিনি বলেন, এখনো দেশীয় প্রজাতির এ মাছকে রক্ষা করা সম্ভব। এর জন্য মাছের অভয়ারণ্য তৈরি করতে হবে। হাওর এলাকায় বিজ্ঞানভিত্তিক উন্নয়ন করতে হবে। এ ছাড়া যেসব মাছ হারিয়ে গেছে, গবেষণার মাধ্যমে সেগুলোতে ফিরিয়ে আনার জন্য প্রকল্প নিতে হবে।
আজকের সিলেট/ডি/এপি









