সিলেটের জালালাবাদ থানা এলাকায় ১৪ ট্রাক চিনি চোরাচালান মামলায় আলোচিত দেলোয়ার মোল্লাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে একই মামলায় দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারা দুজনই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার সঙ্গে দেলোয়ার মোল্লার নাম জানিয়েছিলেন। দেলোয়ার মোল্লা সিলেটের গোয়াইনঘাট থানার হাদারপার নতুন ভাঙা হাওর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান বলেন, গত রোববার ভোরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এরআগে ৬ জুন সিলেট মহানগরের জালালাবাদ থানা এলাকায় উমাইরগাঁওয়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) দুই কোটি টাকার ১৪ ট্রাক ভারতীয় চিনির চালান জব্দ করে। এ ঘটনায় পরদিন পুলিশের এসআই মো. সালাহ উদ্দিন বাদী হয়ে জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।
৪ জুলাই সিলেটের অতিরিক্ত মহানগর হাকিম (তৃতীয় আদালত) উম্মে হাবিবার আদালতে জব্দকৃত চিনি এক কোটি ৪২ লাখ টাকায় সরকারি নিলাম ডাকে বিক্রি করা হয়। সিলেট নগরীর কালীঘাটের রুহেল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গিয়াস মিয়া সর্বোচ্চ দরদাতা হিসেবে ওই চিনি কিনেন।
সিলেটে সাম্প্রতিক সময়ে ভারত থেকে সীমান্তপথে দিয়ে অবৈধভাবে আনা চিনি চোরাচালানের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় চোরাচালান। এ ঘটনায় দায়ের করা মামলায় দুই ট্রাকচালককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার দুজনই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে চোরাই চিনির দুজন বাহকের নাম বলে।
আজকের সিলেট/ডি/এপি









