হবিগঞ্জে নদীরক্ষা বাঁধের পাশে ও জমিতে অবৈধভাবে মাটি কাটায় দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে চার ব্যক্তিকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা হয়নি।
জেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে'র নেতৃত্বে হবিগঞ্জ পৌরসভার মাছুলিয়া এলাকায় খোয়াই বাঁধের পাশে অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দুটি পৃথক মামলায় সদর উপজেলার জঙ্গল বহুলার নুরুদ্দীন ও রিচি গ্রামের হাড়িয়াকোনা এলাকার মোঃ শামীমকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে বিকেলে বানিয়াচং উপজেলার ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নের এলাকায় অভিযান পরিচালনা করে দুটি পৃথক মামলায় ফয়সল (৩০) পিতা গাজিউর রহমান এবং আহাদ আলী (২৫) পিতা আবুল হোসেনকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন খান এলিস। অভিযানে জেলা পুলিশ, বানিয়াচং থানা পুলিশের দুটি টিম ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
আজকের সিলেট/৩ ফেব্রুয়ারি/জেকেএস
হবিগঞ্জ প্রতিনিধি 








