চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই বিদেশি ঋণ পরিশোধে বাংলাদেশের ব্যয় বেড়েছে। অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে দেশটি বিদেশি ঋণের কিস্তি ও সুদ মিলিয়ে ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার পরিশোধ করেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) রোববার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইআরডির তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার, যা দেশীয় মুদ্রায় ৮ হাজার ১৩১ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার।
জুলাই-আগস্টে পরিশোধিত অর্থের বড় অংশ গেছে মূল ঋণের কিস্তি পরিশোধে। এ খাতে বাংলাদেশ দিয়েছে ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার, যা প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকার সমান। একই সময়ে ঋণের সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা।
অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে উন্নয়নসহ বিভিন্ন কাজে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার।
একই সময়ে নতুন করে ২৪ কোটি ডলারের বিদেশি ঋণ পাওয়ার প্রতিশ্রুতিও পেয়েছে বাংলাদেশ। তবে গত অর্থবছরের জুলাই-আগস্টে নতুন ঋণের প্রতিশ্রুতির পরিমাণ ছিল কিছুটা বেশি ২৪ কোটি ৩৮ লাখ ডলার।
আজকের সিলেট/ জেকেএস
অর্থনীতি ডেস্ক 








