সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ২৩টা ৫৯ মিনিট পর্যন্ত চলা এসব অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসএমপি সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামি রয়েছেন।
অভিযানের সময় পুলিশের হাতে ১৬ পিস ইয়াবা এবং ভারতীয় ৬৩ পিস কম্বল উদ্ধার হয়। এছাড়া সাবান, শ্যাম্পু ও বিস্কুটও উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক আইন বাস্তবায়নে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগও পৃথক অভিযান চালায়। এতে ১২১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৭২টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।
এসএমপি জানায়, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/ জেকেএস









