শহরতলীর জালালাবাদ থানা এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় মো. তারেক আহমদ মোহন (২৫) নামে এক উদিয়মান ফুটবলারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মো. তারেক আহমদ মোহন (২৫) জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামের মকবুল আলীর ছেলে। স্থানীয় ভাবে একজন উদিয়মান ফুটবলার হিসেবে তার সুখ্যাতি ছিলো। কিছুদিন থেকে তিনি জীবিকার তাগিদে প্রবাসে ছিলেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরতলীর জালালাবাদ থানাধীন নতুনবাজার খেয়াঘাট এলাকার চামাউরাকান্দিতে বাদাঘাট-বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আবুল হোসেন নামের ট্রাকচালককে আটক করেছে পুলিশ। আটককৃত ট্রাক চালক সিলেটের এয়ারপোর্ট থানার মংলীপাড় এলাকার আব্দুল বারেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তারেক আহমদ রোববার সকাল সাড়ে ১০টার দিকে একটি কাজে নতুনবাজার খেয়াঘাট এলাকার চামাউরাকান্দি যান। ঘটনার সময় বাদাঘাট-বিমানবন্দর সড়কের পাশে দাঁড়িয়েছিলেন তিনি এবং সড়ক দিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী যাচ্ছিল। এসময় বাদাঘাটের দিক থেকে বেপরোয়া গতির বালুভর্তি একটি ট্রাক আসতে দেখে ট্রাকচালককে হাত দিয়ে ধীরে যেতে ইশারা দেন তিনি। কিন্তু ট্রাকচালক গতি না কমিয়ে উল্টো সোজা তার উপর দিয়েই গাড়িটি চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তারেক মারা যান। পরে স্থানীয়রা ট্রাকটিকে আটকালে জালালাবাদ থানাপুলিশ এসে মরদেহ উদ্ধার করে ও চালককে আটক করে।
জালালাবাদ থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শেষ হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আজকের সিলেট/পিএ/এসটি
নিজস্ব প্রতিবেদক 








