জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি গঠিত হয়েছে। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চীফ হুইপ নূর ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। কমিটিগুলোর মধ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি।
গতকাল সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, দ্বাদশ সংসদের ৫০টি কমিটি গঠনের জন্য প্রধানমন্ত্রী নিজ হাতে রাত জেগে সভাপতিসহ সদস্যদের নাম লিখে দিয়েছেন। সে খাতাটি আমার হাতে। চলতি সপ্তাহেই সবগুলো কমিটি গঠনের প্রস্তাব পাস হবে। কমিটিগুলোর যথাযথ ভূমিকা সংসদকে আরো বেশি কার্যকর করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি ধর্মমন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ উল্লেখ করেন, জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নের রুপকার, এদেশের শিক্ষা আন্দোলনের প্রাণপুরুষ, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, জাতীয় মাসিক পরওয়ান প্রতিষ্ঠাতা সম্পাদক, সুবক্তা মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি মন্ত্রীর মর্যাদায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত ও উচ্ছসিত।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
জকিগঞ্জ প্রতিনিধি 








