সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদ্রাসাছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে । মামলার একমাত্র আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সিলেট নগর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা যায়, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মধ্যাহ্ন বিরতিতে সহপাঠী তিন বান্ধবীসহ বাড়ি ফেরার পথে এলাকার বখাটে শাহীন মোড়ল (২৪) স্থানীয় পেশকারগাঁও ছিদ্দিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণচেষ্টা চালায়। এক পর্যায়ে সহপাঠী বান্ধবীদের শোর চিৎকারে পালিয়ে যায় বখাটে।
পরদিন বুধবার ক্লাস বর্জন করে বখাটে শাহীন মোড়লকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরাও। এক পর্যায়ে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের আশ্বাসে ক্লাসে যোগ দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
পরে ওইদিন বিকালেই লম্পট শাহীন মোড়লের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দেন নির্যাতিতা ছাত্রীর অভিভাবক। পরে পুলিশ তল্লাশী অভিযান চালিয়ে এসএমপি পুলিশের সহায়তায় সিলেট নগর থেকে লম্পট শাহীন মোড়লকে গ্রেফতার করে।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের সিলেট /প্রতিনিধি/ কে.আর
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 








