বিয়ানীবাজারে একটি ডিআই পিকআপ ট্রাকের কেবিনে করে গাঁজা পরিবহণকালে থানা পুলিশের বিশেষ অভিযানে দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা দিঘীরপার এলাকা থেকে ছয় কেজি গাঁজা ও একটি ডিআই ট্রাকসহ তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জের সদর থানার উমেদনগর গ্রামের অলি মিয়ার ছেলে মোস্তাকিন (২৫) ও সিলেটের কানাইঘাট থানার জুলাই নয়াঘাট এলাকার মৃত তবারক আলীর ছেলে ইসমাইল উদ্দিন (৪৮)।
এ সময় কিশোরগঞ্জের মিঠামইন থানার ভুরভুরি গ্রামের গফুর চৌধুরীর ছেলে আকাশ চৌধুরী (৩৫) নামের অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।
পুলিশ জানায়, বিয়ানীবাজার থানার একদল পুলিশ শনিবার ভোর ৫ টায় দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা দিঘীরপার এলাকার চেকপোস্ট ডিউটি চলাকালে একটি ডিআই পিকআপ গাড়ি চেকপোস্ট ব্যারিকেড বেপরোয়াভাবে অতিক্রম করার চেষ্টা করলে গাড়িটিকে আটকানো হয়।
এসময় আটককৃত গাড়িটি থেকে পুলিশ দুইজন কে আটক করলেও একজন লোক দৌড়ে পালিয়ে যায়। আটককৃতদের তল্লাশিকালে তাদের ব্যবহৃত পরিবহন ডিআই পিকআপ গাড়ির কেবিন থেকে ৬ কেজি গাঁজা যার মূল্য ৯০ হাজার টাকা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ গাড়ি, (ঢাকা মেট্রাে- ন-২১০২৩১) যার মূল্য অনুমান ১৫ লক্ষ টাকা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, আটককৃত ও পলাতক আসামির বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজকের সিলেট /প্রতিনিধি/ কে.আর
নিজস্ব প্রতিবেদক 








