হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শ্বশুরবাড়িতে দুপক্ষের সংঘর্ষে থামাতে গিয়ে নজরুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত নজরুল জেলার আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের মুনাফ মিয়ার ছেলে। তিনি আদর্শগ্রামের ছালেক মিয়ার জামাতা।
বুধবার বিকেলে উপজেলার আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আদর্শগ্রামের বাসিন্দা মোস্তাক মিয়া ও আলমগীর মিয়ার পরিবারের শিশুদের মধ্যে ঝগড়া হয়। পরে এর জের ধরে দুই পরিবার সংঘর্ষে লিপ্ত হলে শ্বশুবাড়িতে বেড়াতে যাওয়া নজরুল দুই পক্ষকে শান্ত করতে যান। এসময় মাথায় আঘাত পেয়ে তিনি আহত হন। পরে নজরুলকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, সংঘর্ষে নজরুল নিহত হওয়ার পর গ্রাম্য দাঙ্গার সঙ্গে জড়িত দুই পক্ষই পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আজকের সিলেট/বিএন/এসটি
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি 








