ফাইল ছবি
গোয়াইনঘাটে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় সিএনজি চালক সহ ৮জন গুরুতর আহত হয়েছেন। নিহত নজরুল ইসলাম (৫০) উপজেলার কর্নি গ্রামের ইসমাইল আলীর পুত্র।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সারী-গোয়াইনঘাট সড়কের গোয়াইন ব্রীজ সংলগ্ন পুর্ণানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। এতে হাসপাতালে নেয়ার পথে নজরুল ইসলামের মৃত্যু হয়।
আহতরা হলেন- উপজেলার লেঙ্গুড়া গ্রামের আরফান মিয়ার ছেলে জসির উদ্দিন (৬৫)। হুসই মিয়ার ছেলে আলিম উদ্দিন (৪০), রহমত উল্লাহর ছেলে রায়হান (১০) এবং রায়হানের বাবা রহমতুল্লাহ (৩০), রাধানগর (দুভাগ) এলাকার আব্দুল খালেক এর ছেলে জসীম উদ্দিন (২৮) ও আব্দুল মহল গ্রামের আব্দুল মুতলিব এর ছেলে মারজান আহমদ (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লাফনাউট মাদরাসার বার্ষিক মাহফিল থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে গোয়াইনঘাট উপজেলা সদরে যাচ্ছিলো। পথে সিএনজিটি পুর্ণানগর এলাকায় পৌঁছলে অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি গাড়ীটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে ট্রাক্টর ও সিএনজি চালকসহ ৯ জন গুরুতর আহত হয়।
গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
গোয়াইনঘাট প্রতিনিধি 








