সিলেট অঞ্চলের উপজেলা সমূহ সহ সারাদেশের সকল উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচনে চার ধাপে ভোটগ্রহণ সম্পন্ন হবে। এর মধ্য সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাড়া বাকি সকল উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে। এই দুইটি উপজেলা পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় নির্বাচন হচ্ছে না।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী- প্রথম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৪ মে। এই ধাপে সিলেট সদর, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা ও গোলাপগঞ্জ উপজেলায় ভোট হবে। একই তারিখে ভোট হবে সুনামগঞ্জের দিরাই ও শাল্লায়। এছাড়া মৌলভীবাজারের জুড়ি, কুলাউড়া, বড়লেখায় এবং হবিগঞ্জের বানিয়াচং ও আজমেরিগঞ্জ উপজেলায় একইদিনে ভোটগ্রহণ হবে।
দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে ১১ মে। এই ধাপে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাটে নির্বাচন হবে। একই তারিখে ভোট হবে সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জে। এছাড়া মৌলভীবাজার সদর ও রাজনগর, হবিগঞ্জের বাহুবল, চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলায় একই দিনে ভোট হবে।
তৃতীয় ধাপে ভোট হবে ১৮ মে। এই ধাপে সিলেটের বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজারে নির্বাচন হবে। একই তারিখে ভোটগ্রহণ হবে সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজারে। এছাড়া মৌলভীবাজারের কমলগঞ্জ, শ্রীমঙ্গল, হবিগঞ্জ সদর, লাখাই, মাধবপুর ও শায়েস্তাগঞ্জে একই দিনে ভোটগ্রহণ হবে।
চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে। এই ধাপে জকিগঞ্জ ও কানাইঘাটে নির্বাচন অনুষ্ঠিত হবে। একই তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগরে।
এদিকে, নির্বাচনের তারিখ ঘোষণার পরই সিলেটসহ বিভাগের অন্যান্য উপজেলায় সম্ভাব্য প্রার্থীরা ভোটার ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন।
আজকের সিলেট/বিটি/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








