হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৃথক দুটি ঘটনায় এক সন্তানের জননী ও এক কলেজ ছাত্রের অপমৃত্যু ঘটেছে।
সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের বিন্যাখালী গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আব্দুর জব্বারের ছোটপুত্র ও সিলেট জালালাবাদ স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাব্বির মিয়া (২৩) এবং একইদিন সন্ধ্যা আনুমানিক সাতটায় উপজেলার শিবপাশা ইউনিয়নের শিবপাশা কান্দিপাড়ের মোস্তাকিন মিয়ার স্ত্রী এক কন্যা সন্তানের জননী রুপসা আক্তার (২৫) এর লাশ নিজ নিজ বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সাব্বির লেখাপড়ার সুত্রে সিলেট বসবাস করতো। সপ্তাহ খানেক পুর্বে সে বাড়িতে আসে। সোমবার বিকালে মায়ের কাছে ত্রিশ হাজার টাকা চায় সাব্বির। তার মা টাকা পরে দিবে জানালে সন্ধ্যায় বসতঘরে তার ঝুলন্ত লাশ পাওয়া যায় । খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ সাব্বিরের লাশ উদ্ধার করে।
অপরদিকে একই দিন সন্ধ্যার পুর্বে উপজেলার শিবপাশা ইউনিয়নের কান্দিপাড়ের বাসিন্দা মোস্তকিন মিয়ার স্ত্রী রুপসা আক্তারের সাথে ঢাকায় কর্মরত স্বামী মোস্তাকিনের মোবাইল ফোনে কথা বলার সময় পারিবারিক বিষয় নিয়ে কথাকাটি হয়। এর পর সন্ধ্যা প্রায় সাতটার দিকে নিজের বসত ঘরে তার ঝুলন্ত লাশ পাওয়া যায় । রুপসার শ্বশুর বাড়ির লোকজন শোর চিৎকার শুরু করলে স্থানীয়রা শিবপাশা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে রুপসা আক্তারের লাশ উদ্ধার করে।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাব্বিরে মরদেহ ময়নাতদন্ত ছাড়া নেয়ার জন্য পরিবারের লোকজন আবেদন করেছেন। আর রুপসা আক্তরের মরদেহের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আজকের সিলেট /প্রতিনিধি/ কে.আর
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








