আলোচিত ইসলামিক বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে একটি মাহফিলে পুলিশ ওয়াজ করতে না দেওয়ায় উত্তেজিত জনতা পুলিশ ফাঁড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ও বাঁশের তৈরি সীমানা প্রাচীর ভাঙচুর করে। এ সময় পুলিশ ২৭ রাউন্ড ফাঁকা গুলি করে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। ঘটনার পর পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে।
সোমবার গভীর রাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলশ কনেস্টেবল সালাহ উদ্দিন ও মোহাম্মদ ওসমানসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্য আহতদের নাম পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকে এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ কঠোর অবস্থা রয়েছে।
আটকৃতরা হলেন- উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন মাহারাম গ্রামের ফজলুল হকের ছেলে মোজাম্মিল হক (৩৩), কাশতাল গ্রামের মৃত তবারক ইসলামের ছেলে রায়হান মিয়া (৩০), পইলানপুর গ্রামের মতৃ সিরাজুল ইসলামের ছেলে বশির আহমেদ (৩৮), নাসির আহমেদ (৩১), বাদাঘাট গ্রামের মোশাররফ হোসেন (২০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ও খোঁজ নিয়ে জানা যায়, বাদাঘাট বাজার জামে মসজিদ প্রাঙ্গণে হিলফুল ফুযুল সংগঠনের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে মাওলানা রফিকুল ইসলাম মাদানি ওয়াজ করতে আসবেন। তার ওয়াজ শুনতে বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ জড়ো হয়। পরে রাত ১২টায় মাইকে জানানো হয় তিনি আসতে পারবেন না ও ওয়াজ করতে পারবেন না। এতে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে মাইকে ঘোষণা করা হয় তিনি আসতে পারবেন না আইনি জটিলতার কারণে। আজকের মতো মাহফিলও শেষ। আপনারা নিজ নিজ বাড়িতে চলে যান। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানান সংশ্লিষ্টরা। পরে অনেকেই নিজ নিজ বাড়িতে চলে গেলেও উত্তেজিত জনতা মিছিল বের করে।
পুলিশ জানায়, উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে নানান স্লোগান তুলে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে মিছিল থেকে বাদাঘাট পুলিশ ফাঁড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ২০ জন আহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৫ যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে ফাঁড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তাহিরপুর থানা ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ রাউন্ড টিয়ারশেল ও ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।
আজকের সিলেট/ডি/এসটি
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








