সিলেটে এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া এলাকায় ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক যুবক নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহত ফাহাদ (২০) সিলেটের শাহপরাণ থানাধীন বাহুবল আবাসিক এলাকার ২ নং রোডের আব্দুল হকের ছেলে।
শুক্রবার রাত পৌনে ১টার দিকে বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, একটি ট্রাক (ঢাকা মেট্রো চ ১৫-৩৯৬১) বিমানবন্দরের দিকে ও ২টি মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক আম্বরখানার দিকে আসছিলো। এসময় মালনীছড়া এলাকায় ট্রাক, ওই ২টি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক যুবক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে একজন নিহত যুবকের ভাই বলে জানা গেছে।
এ বিষয়ে বিমানবন্দর থানার ওসিকে কল এ পাওয়া যায়নি।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








