শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

দুর্গাপূজার নিরাপত্তায় হবিগঞ্জ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৬ ১০:২৫:৩২ পূর্বাহ্ন

দুর্গাপূজার নিরাপত্তায় হবিগঞ্জ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন


শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় তিন স্তরের নিরাপত্তাবলয় গড়ে তুলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিয়মিত সীমান্ত সুরক্ষার দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ১০৩ কিলোমিটার সীমান্তে এ নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়েছে। এর আওতায় রয়েছে হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলা এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা।

নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৩টি পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে থাকা একটি পূজামণ্ডপকে।

পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। প্রচলিত নিরাপত্তা কৌশলের সঙ্গে আধুনিক নজরদারি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বৃহস্পতিবার চুনারুঘাট উপজেলার আমু চা বাগান পূজামণ্ডপ এবং মাধবপুর উপজেলার ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। এ সময় তিনি নিরাপত্তা প্রস্তুতি ও কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, ‘শারদীয় দুর্গাপূজা আমাদের বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। এ উৎসব যেন সীমান্তবর্তী এলাকাসহ সর্বত্র শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।’

তিনি আরও বলেন, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিশেষ মোবাইল টিম নিয়মিত টহল দিচ্ছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।

এদিকে, যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ এবং গুজবের বিষয়ে সতর্ক থাকতে পূজা উদ্‌যাপন কমিটি ও সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে ৫৫ বিজিবি। এ ধরনের কিছু নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর