সিলেটে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:০১ AM

সিলেটে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ০৪:৩৪:১৮ PM

সিলেটে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


সিলেটে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ নির্বিঘ্ন ও নিরাপদভাবে উদ্যাপনের লক্ষ্যে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। 

এতে উপস্থিত ছিলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, জেলা ও উপজেলা পর্যায়ের হিন্দু ধর্মীয় সংগঠন ও পূজা উদ্যাপন কমিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভায় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ তাদের গৃহীত প্রস্তুতি, চ্যালেঞ্জ ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। তারা নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে প্রশাসন, পুলিশ এবং রাজনৈতিক দলসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সভায় বলেন, ধর্মীয় সম্প্রীতির দিক থেকে সিলেট অনন্য। এই ধারাবাহিকতা বজায় রেখে সকলের সহযোগিতায় এবারের দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, চেকপোস্টের মাধ্যমে সার্বক্ষণিক তল্লাশি কার্যক্রম চালু রাখা এবং দায়িত্বশীল স্বেচ্ছাসেবক নিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়া জেলা প্রশাসক গুজব প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো তথ্য নিশ্চিত না হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকতে হবে। পূজা উদ্যাপনে নিরাপত্তা জোরদারে প্রশাসন, পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠনের ঘোষণা দেন তিনি।

সভায় আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা জানান, সবগুলো পূজামণ্ডপ গোয়েন্দা নজরদারিতে রাখা হবে। সিলেট মেট্রোপলিটন পুলিশের মোবাইল টিম দিন-রাত টহল দেবে। সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ পদক্ষেপ নিয়েছে।

এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পূজা উদ্যাপন উপলক্ষে একটি কন্ট্রোল রুম খোলা হবে, যা ২৪ ঘণ্টা কার্যকর থাকবে।

আজকের সিলেট/এপি/বিজ্ঞপ্তি

সিলেটজুড়ে


মহানগর