ফাইল ছবি
বাজারে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম বেড়েছে। সপ্তাহ ব্যবধানে অধিকাংশ সবজিতে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে। একইভাবে স্বস্তি নেই ফলের বাজারেও। বুধবার (২৪ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
বিক্রেতারা বলছেন, সবজির সরবরাহ কম এবং দুর্গাপূজা উপলক্ষে চাহিদা বেশি থাকায় দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। অপরদিকে বেশকিছু ফল বিদেশ থেকে আমদানি করতে হয়। এজন্য এগুলোর দামও কমছে না।
বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি টমেটো ১০০-১০৫ টাকা, মুকি ৩৫-৪০, শিম ১৭০-১৮০, কাঁচামরিচ ১৯০-২০০টাকা দরে বিক্রি হচ্ছে। তাছাড়া বেগুন ৫৫-৬০, পেপে ৩০-৩৫, করলা ৭০-৭৫, কুমড়া ৬০-৬৫, গাজর ১০০-১০৫, পটল ৬০-৬৫, ঢেঁড়শ ৫৫-৬০, লাউ ৫০-৫৫, বরবটি: ৮০-৮৫, প্রতিহালি লেবু ২৫-৩০, পাতা কপি ৮০-৮৫, চিচিঙ্গা ৬০-৭০, মূলা ৬০-৬৫ ও ঝিঙা ৭০-৮০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা।
ব্যসায়ীরা জানান, এসবের অধিকাংশ সবজির দাম এক সপ্তাহ আগে ১০-২০ টাকা কম ছিল। তবে সবজির মধ্যে শিমের দাম সবচেয়ে বেশি বেড়েছে।
গত সপ্তাহে শিমের কেজি ছিল ১৩০-১৪০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭০-১৮০ টাকায়, অর্থাৎ কেজিপ্রতি ৩০-৪০ টাকা বৃদ্ধি পেয়েছে।
এদিকে সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ ফলের দাম কেজিপ্রতি ৫-১০ টাকা বেড়েছে। বিভিন্ন ফলের দোকান ঘুরে দেখা গেছে প্রতিকেজি আপেল ৩০০-৩৮০ টাকা, কমলা ৩৩০-৩৪০, আঙুর ৪০০-৫০০, মালটা ৩২০-৩৩০, ড্রাগন ১৭০-১৮০, নাসপাতি ৩২০-৩৩০, ডালিম ৪৮০-৫০০, খেজুর ২৫০-১২০০ (প্রকারভেদে) পেপে ৩৫-৪০, ও প্রতিহালি কলা ৩৫-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে কেজিপ্রতি প্রায় ৫-১০ টাকা পর্যন্ত কম ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সবজি বিক্রেতা শফিকুল ইসলাম বলেন, ‘সরবরাহ কম থাকায় অধিকাংশ সবজির দামে কেজিপ্রতি ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে। তাছাড়া দুর্গাপূজার সময় হওয়ায় দাম আরও কিছুটা বেশি। ক্রেতাদের মধ্যে স্বস্তি নেই, তবে যার প্রয়োজন তাকে কিনতেই হচ্ছে। আশা করা যায়, পুজোর পর দাম কিছুটা কমবে।’
ফল ব্যবসায়ী তানজিদ মিয়া জানান, মালটা, ডালিম, স্ট্রবেরিসহ বেশ কিছু ফল বিদেশ থেকে আমদানি করতে হয়। এজন্য বাজারে এসব ফলের দাম বেশি থাকে। কয়েক মাস ধরেই এসব ফলের দাম কিছুটা বাড়তি।
আজকের সিলেট/ডি/এসটি
নিউজ ডেস্ক 








