‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
সোমবার বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার আপস চিমিম, আদিবাসি উন্নয়ন সংস্থার নিবার্হী পরিচালক মাসুদ পারভেজ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকতার্ বাদল চন্দ্র বর্মণ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিশু শিল্পীরা।
উল্লেখ্য, ১৯২৫ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে প্রথম আন্তর্জাতিক শিশু দিবস ঘোষণা করা হয়। তারও আগে ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের চেলসিতে চার্চ অফ দ্য রিডিমারের যাজক রেভারেন্ড ডা. চার্লস লিওনার্ড শিশুদের জন্য বিশেষ সেবা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন শুরু করেন। প্রথমে নাম ছিল ‘রোজ ডে’; পরে ‘ফ্লাওয়ার সানডে’; শেষ পর্যন্ত ‘শিশু দিবস’। ১৯২০ সালে তুরস্ক ২৩ এপ্রিলকে শিশু দিবস হিসেবে জাতীয় ছুটি ঘোষণা করে, যা ১৯২৯ সালে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়।
জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৫৯ সালের ২০ নভেম্বর শিশু অধিকারের ঘোষণাপত্র গ্রহণ করে। এরপর থেকে বিশ্বব্যাপী এ দিনকে শিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে। অনেক দেশে দিনটি ‘শিশু সপ্তাহ’ হিসেবেও পালিত হয়।
শিশুদের অধিকার, সুরক্ষা ও উন্নত ভবিষ্যতের জন্য সচেতনতা বৃদ্ধি করাই দিবস উদযাপনের মূল উদ্দেশ্য। বাংলাদেশে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার দিবসটি পালন করা হয়।
আজকের সিলেট/এপি









