মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

সিলেটে অবৈধ রাসায়নিক দিয়ে সিরাপ তৈরি, মালিকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ০৬:৪১:০৮ অপরাহ্ন

সিলেটে অবৈধ রাসায়নিক দিয়ে সিরাপ তৈরি, মালিকের কারাদণ্ড


অস্বাস্থ্যকর পরিবেশ, অনুমোদনহীন রাসায়নিক আর নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্যের মজুত এমন নানা অনিয়মের মধ্যেই সিলেট নগরীতে তৈরি হচ্ছিল ‘সোলার জিনসিন’ ও ‘ফাইটার’ নামের সিরাপ। নগরীর লালদিঘীরপাড় এলাকার একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব অনিয়মের সন্ধান পেয়েছে প্রশাসন। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা এবং মালিককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান শেষে এসব তথ্য জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক আরিফ মুর্শেদ মিশু।

প্রশাসন জানায়, লালদিঘীরপাড়ের জামাল অ্যান্ড ব্রাদার্স নামের প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ রাসায়নিক ব্যবহার করে বিপুল পরিমাণ সিরাপ তৈরি, বাজারজাত ও বিক্রি করা হচ্ছিল। সেখানে ঘনচিনি ও অনুমোদনহীন টেক্সটাইল কালার ব্যবহারের পাশাপাশি নকল এবং মেয়াদোত্তীর্ণ পণ্যও মজুত পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় সনদপত্র দেখাতে পারেনি।

এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। একই ঘটনায় প্রতিষ্ঠানের মালিক শাহ জামালকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ বস্তা মালামাল জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়।

অভিযানটি সমন্বয় করেন সিলেট জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের একটি দল উপস্থিত ছিল।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর