বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) থেকে

প্রকাশিত: ০৫/১১/২০২৬ ১১:২৩:৩৭ পূর্বাহ্ন

মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি


জাতীয় কনডেনসেটবাহী পাইপলাইনে ছিদ্র করে বিশেষ সরঞ্জামের সাহায্যে তেল চুরির ঘটনা ঘটেছে হবিগঞ্জের মাধবপুরে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) হিসাব অনুযায়ী, গত দুই দিনে পাইপলাইন থেকে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি হয়েছে। এ ঘটনায় নোয়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ একটি সংঘবদ্ধ চক্র জড়িত বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

গত বুধবার (৪ নভেম্বর) ভোররাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ডাক্তার বাড়ি এলাকায় পাইপলাইনে ছিদ্র করে কনডেনসেট চুরির বিষয়টি শনাক্ত করেন জিটিসিএলের নিরাপত্তাকর্মীরা। পরে অনুসন্ধান চালিয়ে অভিযুক্ত ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর থেকে তেল মজুতের কাজে ব্যবহৃত দুটি বড় পানির ট্যাংক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর বাড়িতে তেল সংরক্ষণের জন্য তৈরি দুটি বড় গর্তের সন্ধান পাওয়া যায়।

জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার আগের রাতে ইসলাম উদ্দিনকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। ওই সময় নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে যেতে চাইলে তিনি তাঁদের বাধা দেন বলেও অভিযোগ করেন দুলাল মিয়া।

জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মনিরুল ইসলাম বলেন, ইসলাম উদ্দিনসহ একটি সংঘবদ্ধ চক্র এ ঘটনার সঙ্গে জড়িত বলে তাঁদের ধারণা। একই অঞ্চলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, গত দুই দিনে পাইপলাইন থেকে মোট ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি হয়েছে।

প্রতিষ্ঠানটির উপসহকারী প্রকৌশলী মো. শামীম হাসান বলেন, পাইপলাইনে ছিদ্র করে সেখানে বিশেষ সরঞ্জাম সংযুক্ত করার মাধ্যমে কনডেনসেট চুরি করা হতো। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ইসলাম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিটিসিএলের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর