বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

মাছ ছিনতাই ও মহিষ ডাকাতির অভিযোগে ছাত্রদলের চার নেতা বহিষ্কার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৬ ১১:০৪:৩৩ পূর্বাহ্ন

মাছ ছিনতাই ও মহিষ ডাকাতির অভিযোগে ছাত্রদলের চার নেতা বহিষ্কার


মৌলভীবাজারের কুলাউড়ায় মাছ ও নগদ টাকা ছিনতাই এবং সদর উপজেলায় মহিষ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের চার নেতাকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা।

বুধবার (৪ নভেম্বর) রাতে জেলা ছাত্রদলের সহদফতর সম্পাদক মো. রাকিব আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাদ উদ্দিন রাজ, একই পৌর শাখার সদস্য সুজন আরিয়ান, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান খান এবং মৌলভীবাজার সদর উপজেলার ৭ নম্বর চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১ নভেম্বর কুলাউড়ার কৌলা এলাকায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি মিনি ট্রাক থেকে মাছ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা করা হয়। মামলায় কুলাউড়া পৌর ও কলেজ শাখার তিন ছাত্রদল নেতাকে আসামি করা হয়েছে।

অন্যদিকে, গত ১৯ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় পুলিশ পরিচয়ে মহিষবাহী একটি পিকআপ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

এসব ঘটনায় ছাত্রদল নেতাদের নাম জড়িয়ে পড়া এবং গ্রেপ্তারের পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় জেলা ছাত্রদল।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর