ছবি : মোঃ সোহেল মিয়া
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে সিলেটে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। সকালে দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে রেলওয়ের উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসনের সদস্যরা পৌঁছেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাইন বিকল বা বগির চাকা ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
অন্যদিকে, লাইনচ্যুতির কারণে সিলেটের সঙ্গে চট্টগ্রাম, ঢাকা ও অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেক যাত্রী বিকল্প পরিবহন ব্যবস্থায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি উদ্ধারের পর সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
রেলওয়ের সিলেটের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়। আপাতত সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
সিলেট রেলওয়ে থানার ওসি আবুল কুদ্দুস বলেন, চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে উদয়ন এক্সপ্রেস মোগলাবাজারে লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকাজ চলছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আজকের সিলেট/ডি/এসটি









