বিএনপি সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত উল্লেখ করে দলটির নতুন দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। তাঁর নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নিবে। তবে কিছু উপদেষ্টার অস্বস্তিকর আচরণে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার হযরত শাহ জালাল (রহঃ) এর দরগাহ মসজিদে পবিত্র জুমআর নামাজের পর মাজার জিয়ারত করে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পিআর বা গণভোট নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই বলেও এসময় মন্তব্য করেন তিনি।
মাজার জিয়ারতকালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে বুধবার দলের যুগ্ম মহাসচিব করা হয়। তিনি এই দায়িত্বে থেকে দলটির আন্তর্জাতিক বিষয়কগুলো দেখভাল করবেন বলে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এরপর শুক্রবার সিলেট এসে তিনি মাজার জিয়ারত করেন।
উল্লেখ্য, হুমায়ুন কবির লন্ডনে স্থানীয় রাজনীতি ছেড়ে বিএনপিতে সক্রিয় হন। এরপর তিনি হয়ে উঠেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের অন্যতম সহযোগী।
হুমায়ুন কবির সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এই আসনের আরেক মনোনয়নপ্রত্যাশী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসীনা রুশদীর লুনা। তবে শেষ পর্যন্ত নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী লুনা দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রয়েছেন।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








