ধানের শীষের মনোনয়ন বঞ্চিত হেভিওয়েট নেতারা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৮ AM

ধানের শীষের মনোনয়ন বঞ্চিত হেভিওয়েট নেতারা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৫ ০৯:৫৩:৩৯ AM

ধানের শীষের মনোনয়ন বঞ্চিত হেভিওয়েট নেতারা


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থী তালিকা থেকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্ঠা ব্যারিস্টার এমএ সালাম ও সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী বাদ পড়েছেন।

বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান ব্যারিস্টার এমএ সালামের নাম না থাকার বিষয়টি সবচাইতে বেশি আলোচিত হচ্ছে।

আরিফ সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সদর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি ২০১৮ সালেও এ আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছিলেন। তার বাবা মরহুম খন্দকার এম এ মালিক এ আসনের সাবেক এমপি ছিলেন।

আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, গতরাতেও অনেক নেতা-কর্মী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার কুমারপাড়ার বাসায় দেখা করেন। অন্য একটি সূত্র জানায়, বিএনপি থেকে আরিফুল হক চৌধুরীকে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব করা হয়েছিল। তবে, তিনি এতে রাজি হননি।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্ঠা ব্যারিস্টার এমএ সালাম ও জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এর মধ্যে  ব্যারিস্টার এমএ সালাম  ২০১৮ সালের নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পেয়েছিলেন, তবে এ আসনে মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, সিলেট-৩ আসনে মনোনয়ন পাওয়া এম এ মালিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়সর আহমেদ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। জুলাই বিপ্লবের পর তারা দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হন।

স্থানীয় বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকায় স্থানীয় জণগন ও নেতা-কর্মীদের সঙ্গে এম এ মালিকের যোগাযোগ তুলনামূলকভাবে কম। তার প্রার্থিতায় অনেকে বিস্মিত হয়েছেন। এ নিয়ে দলের ভেতরে-বাইরে আলোচনাও চলছে। তবে দলের উচ্চ পর্যায়ে এম এ মালিকের যোগাযোগ থাকায় শাস্তির ভয়ে প্রকাশ্যে কেউ এ নিয়ে মুখ খুলতে চাইছেন না।

মৌলভীবাজার-২ আসনে মনোনয়নপ্রাপ্ত সওকত হোসেন যুক্তরাষ্ট্র প্রবাসী। কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক এই সদস্য আগে অনিয়মিতভাবে দেশে আসতেন। তবে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকায় রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন। এখন এ আসনে স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতাদের টপকিয়ে শেষ পর্যন্ত মনোনয়ন পান সওকত।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর