মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

কন্যাশিশুদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে বৈষম্য দূর করতে হবে: মাহমুদা সুলতানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/১০/২০২৬ ০৬:১১:২৮ অপরাহ্ন

কন্যাশিশুদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে বৈষম্য দূর করতে হবে: মাহমুদা সুলতানা


শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তোলা এবং কন্যাশিশুদের জন্য পরিবারে সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মাহমুদা সুলতানা। তিনি বলেন, শিশুদের সামাজিক মর্যাদা যেন ক্ষুণ্ন না হয় এবং অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য সৃষ্টি না হয়, সেদিকে অভিভাবকদের বিশেষ নজর দিতে হবে।

সোমবার সকালে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে সিলেটে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রশিক্ষণ ভাতা ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মাহমুদা সুলতানা বলেন, কন্যাশিশুরা আগামী দিনের নারী। ভবিষ্যতে তারা মা, স্ত্রী কিংবা বোন হিসেবে পরিবারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। পরিবার পরিচালনা ও সন্তানদের সঠিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে নারী ও মায়েদের ভূমিকা অনস্বীকার্য।

তিনি আরও বলেন, একটি শিক্ষিত জাতি গঠনে শিক্ষিত মায়ের বিকল্প নেই। তাই কন্যাশিশুদের প্রতি যত্নশীল হতে এবং তাদের বিকাশের জন্য পরিবারে উপযুক্ত পরিবেশ তৈরি করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেটের উপপরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনজুরুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাঈদুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, উইমেন ফর উইমেনের পরিচালক সামিয়া বেগম চৌধুরী এবং বাসসের সিলেট ব্যুরোপ্রধান সেলিম আউয়াল।

অনুষ্ঠানে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার, প্রশিক্ষণার্থীদের ভাতা এবং স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি মাহমুদা সুলতানাসহ অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর