সিলেটের তারাপুর চা বাগানে চা-শ্রমিকদের মধ্যে হাম ও ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে নগরীর পাঠানটুলার তারাপুর চা বাগানের স্কুলসংলগ্ন মাঠে এ সভার আয়োজন করা হয়।
ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি ও হাফিজ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় হাম ও ডেঙ্গুর সংক্রমণ, রোগের লক্ষণ, প্রতিরোধের উপায় এবং ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি মো. ছালিম আহমদ খান। এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা মোয়াজ্জেম বখত জেম, জনপ্রিয় অভিনেতা বেলাল আহমেদ মুরাদ, তারাপুর চা বাগানের কো-অর্ডিনেটর রিংকু চক্রবর্তী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার রানা মজুমদার বাপ্পি, আরাফাত রহমান চৌধুরী, মাহমুদুল হাসান নাঈম, হাম্মাদ সরকার, আহসানুল হক রাতুল, আহমদ মারজান ও অল্পিনা আক্তারসহ সংগঠন দুটির অন্যান্য সদস্য।
আলোচনায় বক্তারা হাম ও ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তাঁরা।
আয়োজকেরা জানান, চা-শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং হাম ও ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
সভা শেষে কয়েকটি চা-শ্রমিক পরিবারের মধ্যে হাম ও ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগ চা-শ্রমিক পরিবারগুলোর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
আজকের সিলেট/ জেকেএস









