দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসছে আসরকে সামনে রেখে আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশ করেছে আনুষ্ঠানিক সূচি। ১৩তম সংস্করণের এই ২০ ওভারের বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি, শেষ হবে ৮ মার্চ।
এবার যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। প্রথম দিনেই থাকবে তিনটি ম্যাচ। উদ্বোধনী দিনে বাংলাদেশ নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ম্যাচটি হবে কলকাতার মাঠে, বেলা সাড়ে তিনটায়। দিনের শুরুর ম্যাচে সকাল সাড়ে এগারোটায় কলম্বোয় মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। আর রাতের খেলায় সন্ধ্যা সাড়ে সাতটায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ভারত।
বিশ্বকাপে সবচেয়ে কঠিন গ্রুপ হিসেবে দেখা হচ্ছে গ্রুপ ‘সি’কে। এখানেই আছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে থাকছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড, সঙ্গে নেপাল ও প্রথমবার বিশ্বকাপে ওঠা ইতালি। ৭ ফেব্রুয়ারির পর ৯ ফেব্রুয়ারি কলকাতায় ইতালির বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে বাংলাদেশের তৃতীয় ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হবে মুম্বাইয়ে, ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে।
গ্রুপ ‘এ’-তে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। নিয়মিতই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকা ভারত-পাকিস্তান লড়াই এবারও দেখা যাবে একই গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। ভারত-পাকিস্তানের ম্যাচটি হবে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় সন্ধ্যা সাড়ে সাতটায়।
গ্রুপ ‘বি’-তে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান।
গ্রুপ ‘ডি’-তে রয়েছে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। এখান থেকে সুপার এইটে উঠতে লড়াই হবে বেশ কঠিন।
সব মিলিয়ে ভারত ও শ্রীলঙ্কার মোট আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সব ম্যাচ। ভেন্যুগুলো হলো মুম্বাই, কলকাতা, চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ, ক্যান্ডি এবং কলম্বোর দুটি মাঠ।
আজকের সিলেট/ডি/এসটি
ক্রীড়া ডেস্ক 








