তাজ উদ্দিন
সৌদি আরবে জাতীয় দলের ক্যাম্পে রাব্বি হোসেন রাহুল, কাজেম শাহর সঙ্গে নতুন মুখ হিসেবে যোগ দিচ্ছেন তাজ উদ্দিন। শেখ জামাল ধানমণ্ডিতে রাইট ব্যাক হিসেবে খেলা তাজ জাতীয় দলের ক্যাম্পে নতুন হলেও বড় ভাই সাদ উদ্দিনের সুবাদে আলোচনায় এসেছেন আগেই। দুই ভাই একসঙ্গে পেশাদার লিগ খেলছেন। তাজের স্বপ্ন ছিল সাদের মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন।
অক্লান্ত পরিশ্রমের পর তাজ উদ্দিন এখন ক্লান্তি ফিরে পেয়েছেন। তার স্বপ্ন এখন বাস্তব হয়ে উঠেছে। পরিবারের সবাই এখন খুশিতে আত্মহারা। আগামীতে তাজ উদ্দিন আরও ভালো খেলবেন বলে আশা করছেন তার মা বাবা।
সাইফ স্পোর্টিংয়ের হয়ে শীর্ষ লিগে খেলা শুরুর তিন বছরের মাথায় সেই স্বপ্নও পূরণ হতে যাচ্ছে তাঁর।
এদিকে হাভিয়ের কাবরেরার পরিকল্পনায় সাদ উদ্দিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠলেও তাঁর সৌদি আরব যাওয়া শঙ্কার মধ্যে পড়ে গেছে পায়ের চোটের কারণে। গতকাল সাদ জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরেকটু অপেক্ষা করছেন তিনি। যদিও খুব একটা ভরসা পাচ্ছেন না, ‘আমার পায়ে অস্ত্রোপচার করানো হয়েছে।
চোটের যে অবস্থা তাতে ডাক্তার বিশ্রামে থাকার কথাই বলেছেন। ক্লাবও ছাড়তে রাজি হবে কি না তা জানি না। তবে আমি চেষ্টা করছি সুস্থ হয়ে জাতীয় দলে যোগ দেওয়ার জন্য।’ সাদ রাইট ব্যাক পজিশনে খেলেছেন অনেকবার।
জাতীয় দলে খেলেছেন লেফট ব্যাকেও। সাদ শেষ পর্যন্ত দলের সঙ্গী হতে না পারলে তাজ বিকল্প হিসেবে থাকছেন কাবরেরার হাতে। সাইফে পেশাদার ক্যারিয়ার শুরু করে মুক্তিযোদ্ধায় এক মৌসুম কাটিয়ে এবার তিনি খেলছেন শেখ জামালে। মূলত মিডফিল্ডার হলেও এবার তাঁকে রাইট ব্যাক পজিশনে খেলাচ্ছে শেখ জামাল। কাবরেরা সেই ফরম দেখেই তাঁকে দলে টেনেছেন।
এর আগে কাবরেরার প্রাথমিক দলে ডাক পাওয়া ফর্টিসের উইঙ্গার আরমান ফয়সাল আকাশকে এবারও ডাকা হয়েছে। শেখ মোরসালিন না থাকায় ফরোয়ার্ড লাইনে রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ও সুমন রেজার সঙ্গী হবেন ব্রাদার্সের তরুণ রাহুল। মাহবুবুর রহমান সুফিলকে শুরুতে বিবেচনায় নেওয়া হলেও সৌদিগামী দলে তিনি নেই।
নিষেধাজ্ঞা কাটিয়ে গোলরক্ষক আনিসুর রহমান ও ডিফেন্ডার তপু বর্মন ফিরছেন দলে। সৌদিগামী দলটায় এ ছাড়া থাকছেন মিতুল মারমা, চন্দন রায়, বিশ্বনাথ ঘোষ, সোহেল রানা, সোহেল রানা (জুনিয়র), মজিবুর রহমান, রফিকুল ইসলাম, মেহেদী হাসান শ্রাবণ, রহমত মিয়া, রবিউল হাসান, মোহাম্মদ হৃদয়, শাকিল আহমেদ, প্রিতম হাসান, জায়েদ আহমেদ, ইসা ফয়সাল, হাসান মুরাদ, শাহরিয়ার ইমন ও জামাল ভূইয়া।
আজকের সিলেট/পাবেল
নিজস্ব প্রতিবেদক 








