পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২১ PM

পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৬ ১১:২৪:৩৩ AM

পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়


বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে প্রথম সেমিফাইনালে ১৩ ওভারে বাংলাদেশের দেওয়া ১১২ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় পাকিস্তান।

টসে হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১১ রান। জবাবে ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান করে ফাইনালের টিকিট নিশ্চিত করে পাকিস্তান।

শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২১ রানেই ফিরে যান তানজিদ হাসান, অধিনায়ক লিটন দাস ও পারভেজ হোসেন ইমন। তানজিদ ৭, লিটন ২ এবং ইমন করেন ১ রান। এরপর সাইফ হাসান ১৭ বলে ১৯ রান করে আউট হলে আরও চাপে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন তাওহীদ হৃদয়। একপ্রান্ত আগলে রেখে ২৫ বলে ৪টি ছক্কা ও ২টি চারের সাহায্যে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে আসে ১৬ বলে ১১ রান। শেষদিকে শেখ মাহেদী হাসান ৪ বলে ৮ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের মোট সংগ্রহে অতিরিক্ত থেকে আসে ১৯ রান। এর মধ্যে ওয়াইড থেকেই আসে ১৫ রান। শেষ পর্যন্ত ১৩ ওভার শেষে ৭ উইকেটে ১১১ রানে থামে বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সুফিয়ান মুকিম। ৩ ওভার বল করে ২৬ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। আরাফাত মিনহাজ ৩ ওভারে শিকার করেন ২ উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতে স্বস্তিতে ছিল না পাকিস্তান। দলীয় ৬ রানের মাথায় সাহিবজাদা ফারহানকে মাত্র ১ রানে ফেরান মাহেদী। এরপর ১৬ রানে সাদাকাতকে ১৫ রানে আউট করেন নাসুম আহমেদ।

পাকিস্তানের রান তখনও থামেনি, কিন্তু উইকেটও পড়তে থাকে। সাইম আইয়ুব ১২ বলে ২১ রান করে মোস্তাফিজুর রহমানের বলে আউট হন। এরপর ওসমান খান ৯ বলে ১৪ রান করে রিশাদ হোসেনের শিকার হলে ৫৩ রানেই ৪ উইকেট হারায় পাকিস্তান।

এরপর আর ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হতে দেননি হাসান নওয়াজ ও আব্দুল সামাদ। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন জুটি গড়ে তারা পাকিস্তানকে জয়ের কাছে নিয়ে যান। হাসান নওয়াজ ২২ বলে ২৭ রান করেন, যেখানে ছিল ২টি চার ও ২টি ছক্কা। আব্দুল সামাদ আরও আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ১৫ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা।

শেষ পর্যন্ত ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে নেয় পাকিস্তান। ৬ উইকেটের এই জয়ে এশিয়ান গেমসের ফাইনাল নিশ্চিত করেছে তারা। বাংলাদেশের হয়ে মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজ ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন।

ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে শ্রীলংকা ও ভারতের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর