বানিয়াচংয়ে ব্রিজ ভেঙে বন্ধ যান চলাচল
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:৩৭ PM

বানিয়াচংয়ে ব্রিজ ভেঙে বন্ধ যান চলাচল

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১২/২০২৫ ০৩:১৮:৫৫ PM

বানিয়াচংয়ে ব্রিজ ভেঙে বন্ধ যান চলাচল


হবিগঞ্জের বানিয়াচংয়ে আঞ্চলিক সড়কের রত্না বেইলি ব্রিজের দুটি পাটাতন ভেঙে আটকে গেছে একটি পাথরবোঝাই ট্রাক।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বন্ধ হয়ে গেছে ওই সড়কে সব ধরনের যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও স্থানীয় মানুষ। তবে ব্রিজের দুইপাশ থেকে দুইদিকে সিএনজিচালিত অটোরিকশা ও টমটম চলাচল অব্যাহত রয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, জাফলং থেকে ছেড়ে আসা বানিয়াচংগামী পাথরবোঝাই একটি ট্রাক ব্রিজের উপরে উঠামাত্র ব্রিজের দুটি পাটাতন ভেঙে নিচে নেমে যায়। মুহূর্তেই ট্রাকের পেছনের দুটি চাকা নিচের দিকে দেবে যায় এবং ট্রাকটি ব্রিজে আটকে যায়।

ব্রিজটির কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কটি অচল হয়ে পড়েছে। দীর্ঘ লাইনে আটকা পড়েছে যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা, টমটম, প্রাইভেটকারসহ অসংখ্য যানবাহন। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, রোগী এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ব্যবসায়ীরা।

দুর্ঘটনার পর থেকে ব্রিজের একপাশ থেকে অন্যপাশে যাওয়ার জন্য যাত্রীরা ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে অস্থায়ীভাবে ভাঙা অংশ অতিক্রম করছেন। এতে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

যাত্রীরা জানান, রত্না বেইলি ব্রিজটি বহুদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং ভারী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে- এমন শঙ্কা দীর্ঘদিন ধরেই ছিল।

যাত্রীদের দাবি, বেইলি ব্রিজের পরিবর্তে দ্রুত স্থায়ী সেতু নির্মাণ করা হোক, যাতে প্রতিদিনের এ দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যায়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর