জাতীয় সংসদ নির্বাচন : সিলেটে ভোটকেন্দ্র ২৬৪১, অতি গুরুত্বপূর্ণ ৩৬২
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৪ PM

জাতীয় সংসদ নির্বাচন : সিলেটে ভোটকেন্দ্র ২৬৪১, অতি গুরুত্বপূর্ণ ৩৬২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ১০:০৩:২৯ AM

জাতীয় সংসদ নির্বাচন : সিলেটে ভোটকেন্দ্র ২৬৪১, অতি গুরুত্বপূর্ণ ৩৬২


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে বিভাগে ৩৬২ ভোট কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তার মধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকায় ৯৭টি।

সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভোটকেন্দ্রের অবস্থান, ভোটারের সংখ্যা, দুর্গম এলাকা, সীমান্তঘেঁষা এলাকা এবং রাজনৈতিক উত্তেজনা বিবেচনায় কেন্দ্রগুলোকে তিনটি ভাগে চিহ্নিত করা হয়েছে। সে আলোকে সিলেট বিভাগের চার জেলার ২ হাজার ৬৪১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৬২টি অতি গুরুত্বপূর্ণ, ৮৯৮টি গুরুত্বপূর্ণ ও ১ হাজার ৩৮১টি সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মেট্রোপলিটন এলাকায় ২৯৪টি কেন্দ্রের মধ্যে ৯৭টি অতি গুরুত্বপূর্ণ, ১৩২টি গুরুত্বপূর্ণ এবং ৬৫টি ভোটকেন্দ্রকে সাধারণ সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আমরা কেন্দ্রগুলোকে লাল, হলুদ ও সবুজ চিহ্নিত করে দিয়েছি। এই আলোকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।   

সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভাগের ৪ জেলার ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে কাজ পরিচালনা করা হচ্ছে। সকল পুলিশ সুপারদের নির্দেশনা দেয়া আছে তারা সেই অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। অতিগুরুত্বপূর্ণ কেন্দ্রে বডি–অর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। কোনো বিশৃঙ্খলার সময় দায়িত্বরত পুলিশ ভিডিও ধারণ করবেন, যা পরবর্তী তদন্তে ডিজিটাল প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর