বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৪৫

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ০৫:২৯:১৬ অপরাহ্ন

হবিগঞ্জে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৪৫


হবিগঞ্জের শহরতলির বহুলা এলাকায় একটি কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কুকুরটিকে আটক করা যায়নি।

হাসপাতালের জরুরি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বহুলা এলাকায় একটি কুকুর ছোটাছুটি শুরু করে। এ সময় সামনে যাঁকে পেয়েছে, তাঁকেই কামড় দেয় কুকুরটি। এতে নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন আহত হন। আহতদের মধ্যে বয়স্ক নারী ও শিশুর সংখ্যা বেশি। পরে তাঁদের উদ্ধার করে পর্যায়ক্রমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মুমিনউদ্দিন চৌধুরী জানান, বুধবার সকাল থেকে কুকুরের কামড়ে আহত ৪৫ জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে ২৫ জন নারী এবং বেশ কয়েকজন শিশু রয়েছে।

তিনি আরও জানান, আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিনও পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর