হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ড্রাইভিং শিখতে গিয়ে দূর্ঘটনায় হিমেল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত হিমেল (২০)। তিনি ধর্মঘর ইউনিয়নের সোয়াবই মোল্লা বাড়ির মোহন মিয়ার ছেলে।
এ সময় এনায়েতুল্লাহ (২২) নামের আরেক যুবক গুরুতর আহত হয়। গুরুতর আহত আরোহী এনায়েতুল্লাহ (২২), চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামের বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার উপজেলার ধর্মঘর–হরষপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হিমেল ও এনায়েতুল্লাহ প্রাইভেট কার নিয়ে ধর্মঘর–হরষপুর সড়কে ড্রাইভিং অনুশীলন করছিলেন। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তারা দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি জব্দ করা হয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








