বালাগঞ্জ উপজেলায় জলমহালে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় ভাবে উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলার অবনতির আশংকা করছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বর মাসে জলমহাল ইজারার জন্য দরপত্র আহবান করে বালাগঞ্জ উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি। এর প্রেক্ষিতে দরপত্রে অংশ গ্রহন করে সত্যপুর মৎসজীবি সমবায় সমিতি লিমিটেড। সরকারের কাঙ্ক্ষিত মূল্য দেওয়ায় “আউরিয়া গ্রুপ জলমহালটি” সত্যপুর মৎসজীবি সমবায় সমিতির পক্ষে সুপারিশ করেন সদ্য বদলি বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুজিত কুমার চন্দ।
কিন্তু জেলা প্রশাসক কার্যালয় থেকে জলমহালটি সত্যপুর মৎসজীবি সমবায় সমিতিকে ইজারা না দিয়ে, শাহজালাল মৎস্যজীবি সমবায় সমিতিকে ইজারা দেয় জেলা প্রশাসন। এ অবস্থায় সত্যপুর মৎসজীবি সমবায় সমিতির দায়িত্বশীলরা হাইকোর্টের দ্বারস্থ হলে গেল ১-লা ডিসেম্বর হাইকোর্ট জলমহালটিতে নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে “শাহজালাল মৎস্যজীবি সমবায় সমিতি” নিয়মিত মাছ লুট করছেন বলে অভিযোগ করেন সত্যপুর মৎসজীবি সমবায় সমিতির সভাপতি কটন বিশ্বাস।
সভাপতি কটন বিশ্বাস আরো বলেন, শাহজালাল মৎস্যজীবি সমবায় সমিতির লাইসেন্স শুধুমাত্র ওসমানীনগর উপজেলায় সীমাবদ্ধ। তারা কিভাবে বালাগঞ্জ উপজেলার জলমহাল ইজারা পায় তা আমাদের বোধ্যগম্য হচ্ছে না ?
এদিকে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ লুটের ঘটনায় স্থানীয় ভাবে উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়। এ বিষয়টি উল্লেখ করে গত ১৪ ডিসেম্বর সিলেট জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ জানালেও কোনো প্রতিকার পায়নি ভোক্তভোগিরা। পরেরদিন ১৫ ডিসেম্বর ব্যাপকভাবে মাছ লুটের ঘটনা ঘটলে বালাগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে মাছ খেকোরা পালিয়ে যায়।
মাছ লুটের ঘটনার সত্যতা স্বীকার করে বালাগঞ্জ থানার এসআই হাবিবুল্লাহ বলেন, আমি গিয়ে মাছ ধরতে নিষেধ করে এসেছি।
বালাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, এবিষয়ে হাইকোর্টের কোনো কাগজ পত্রাদি পাইনি। কেউ আইনি সহযোগীতা চাইলে আমরা সর্বোত্তম সহযোগীতা করব।
বালাগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন, গতকাল বিষয় জেনেছি তবে হাইকোর্টের কোনো কাগজ পাইনি। ইউএনও স্যার ঢাকায় আছেন, তিনি আসলে বসে বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং যদি কেউ হাইকোর্টের আদেশ অমান্য সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








