প্রাক্তন সঙ্গীর স্মৃতি কাটিয়ে নতুন করে জীবন শুরু করা সহজ নয়। এই প্রক্রিয়া একদিনে শেষও হয় না। তবে দৈনন্দিন জীবনের কিছু পরিবর্তন বুঝিয়ে দিতে পারে, আপনি ধীরে ধীরে অতীতের সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন।
হয়তো এখন আর তার মেসেজের অপেক্ষায় বারবার ফোন দেখেন না। কিংবা সে ফিরে আসবে কি না, সেই চিন্তা ছাড়াই নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছেন। এমন কিছু লক্ষণ রয়েছে, যা থেকে বোঝা যায়, অজান্তেই আপনি হয়তো প্রাক্তন সঙ্গীর জন্য অপেক্ষা করা বন্ধ করে দিয়েছেন।
১. তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে আর ভাবেন না
আগে প্রাক্তনের প্রতিটি পোস্ট, শেয়ার করা গান কিংবা স্ট্যাটাসের মধ্যে নিজের জন্য কোনো ইঙ্গিত খুঁজতেন। এখন আর সেগুলোর অর্থ বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করেন না যে, সে আপনাকে মিস করছে কি না। বরং যা ঘটছে, তা স্বাভাবিকভাবে গ্রহণ করতে শিখেছেন।
২. ভবিষ্যৎ পরিকল্পনায় তাকে আর রাখছেন না
ক্যারিয়ার, সপ্তাহান্তের পরিকল্পনা কিংবা ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এখন আর তার ফিরে আসার সম্ভাবনা বিবেচনায় রাখতে হয় না। নিজের ইচ্ছা ও লক্ষ্যকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে পারছেন। জীবন আর আগের মতো থমকে আছে বলে মনে হচ্ছে না।
৩. তার খোঁজ নেওয়ার তাগিদ কমে গেছে
মাঝেমধ্যে তার কথা মনে পড়তেই পারে। তবে তার সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ঘাঁটা কিংবা পরিচিত বন্ধুদের কাছে তার খবর জানার প্রয়োজন আর অনুভব করেন না। তার জীবনে কী ঘটছে, তা জানার আগ্রহ ধীরে ধীরে কমে এসেছে।
৪. ভালো স্মৃতি মনে পড়লেও সম্পর্ক ভাঙার কারণ ভুলে যান না
একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে পড়তে পারে। কিন্তু একই সঙ্গে সম্পর্কটি কেন ভেঙে গিয়েছিল, সেটিও মনে রাখতে পারেন। এখন বুঝতে শিখেছেন, কাউকে মিস করা মানেই তার কাছে ফিরে যেতে চাওয়া নয়।
৫. তার মেসেজ আপনার মনের অবস্থা নিয়ন্ত্রণ করে না
আগে তার একটি বার্তা আপনার দিন ভালো করে দিতে পারত, আবার মেসেজ না পেলে মন খারাপ হতো। এখন তার মেসেজ পাওয়া বা না পাওয়া আপনার পুরো দিনের গতিপথ ঠিক করে দেয় না। বরং নিজের দৈনন্দিন কাজ, বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং ব্যক্তিগত অর্জনের মধ্যেই আনন্দ খুঁজে পাচ্ছেন।
প্রাক্তনকে ভুলে যাওয়া মানে সব স্মৃতি মুছে ফেলা নয়। বরং সেই স্মৃতি সঙ্গে নিয়েও নিজের জীবনকে সামনে এগিয়ে নেওয়াই অতীত থেকে বেরিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।
আজকের সিলেট/ জেকেএস
লাইফস্টাইল ডেস্ক 








