ইরাকের আল-ফাও উপকূল থেকে ৬৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। কাছ থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।সোমবার (২৬ অক্টোবর) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম পর্যবেক্ষণ কেন্দ্র ইউকেএমটিও এ তথ্য জানায়। খবর আলজাজিরার।
ইউকেএমটিও জানিয়েছে, জাহাজটির নাবিকদের অবস্থা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংস্থাটি বলেছে, আল-ফাও পারস্য উপসাগরের তীরবর্তী একটি বন্দর শহর, যা কুয়েত ও ইরানের কাছাকাছি অবস্থিত।
উত্তর আরব উপসাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ইউকেএমটিও। পাশাপাশি, কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তা কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ইরাকের কাছাকাছি উত্তর আরব উপসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা ও অন্যান্য বৈরী নিরাপত্তা ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে দেশটির প্রধান তেল টার্মিনালগুলোর আশপাশের জলসীমা সক্রিয় সামুদ্রিক সংঘাতপূর্ণ এলাকায় পরিণত হয়েছে।
এর কয়েক দিন আগে একই এলাকায় আরেকটি ঘটনায় একটি ট্যাংকারের ক্যাপ্টেন দাবি করেন, আল-ফাও থেকে ৩০ নটিক্যাল মাইল বা ৫৫ দশমিক ৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে তাঁদের জাহাজটি একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
আন্তর্জাতিক ডেস্ক 








