মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে টিলা কাটার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।
সূত্র জানায়, মোহাম্মদনগর এলাকায় অবৈধভাবে টিলা কাটার খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় টিলা কাটার প্রমাণ পাওয়ায় ফারুক আহমদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
আজকেরসিলেট/এএসআর
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 








