বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের উদ্ভোধনের ঠিক আগে চট্টগ্রাম রয়্যালসের আর্থিক অক্ষমতা বিতর্ক, নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচের প্রেকটিস সেশন ছেড়ে সিএনজি দিয়ে চলে যাওয়ার চেষ্টা ইত্যাদিকে ছাপিয়ে আজ থেকে শুরু হচ্ছে বিপিএল।
প্রাকৃতিক নৈসর্গিক সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসর। টুর্নামেন্টের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে সিলেটে। আসরের ফাইনাল ম্যাচ আগামী ২৩ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে।
চলতি আসরে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই তিন ভেন্যুতে মোট ৩৪টি ম্যাচ আয়োজন করা হবে। আজকের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্ব শেষ হলে বিপিএল যাবে চট্টগ্রামে, এরপর সেখান থেকে শেষ পর্বের জন্য ঢাকায় ফিরবে টুর্নামেন্ট।
এবারের বিপিএলে সিলেটে ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ৬ দিনে ১২ টি ম্যাচ খেলা হবে।
প্লে-অফ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২১ জানুয়ারি এবং ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে মহারণ ফাইনাল। এই পর্বের ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
এর আগে, বিপিএলের ১২তম আসর শুরুর ঠিক আগমুহূর্তে চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ কাইয়ুম রশিদ এক চিঠির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন, তারা আর দলের মালিকানা ধরে রাখতে পারছেন না। চিঠিতে চরম আর্থিক সংকটের কারণ দেখিয়ে ফ্র্যাঞ্চাইজিটির সব দায়িত্ব বিসিবিকে গ্রহণ করার অনুরোধ জানানো হয়। পরে সেই দায়িত্ব নিয়েছে বিসিবি। চট্টগ্রামের মেন্টরে দায়িত্ব দেওয়া হয়েছে হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন, প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন বিসিবির এমন সিদ্ধান্তে নিজেদের খুশি হয়েছেন ক্রিকেটারাও।
গতকাল অনুশীলনে পর্যাপ্ত বল না পাওয়ার ক্ষোভ থেকে দুপুরে সিএনজিতে চড়ে মাঠ ছাড়েন কোচ সুজন। তবে এই পুরো ঘটনাটিই মুহূর্তের উত্তেজনা বলে জানিয়েছেন তিনি।
পরে বিকালে গণমাধ্যমকে সুজন বলেন, ‘এটা ভুল বোঝাবুঝি। মুহূর্তের উত্তেজনায় হয়তো এ রকম একটা বিষয় হয়েছে। কিন্তু আমার পেছনে দাঁড়িয়ে থাকা মালিকপক্ষের দুজনকে ধন্যবাদ। ওনারা আমার সঙ্গে কথা বলেছেন, বিসিবির পক্ষ থেকেও আমার সঙ্গে কথা বলেছে।’
এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ছয়টি দল—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।
আজকের সিলেট/ মিমো
ক্রীড়া প্রতিবেদক 








