বিয়ানীবাজার উপজেলার গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাধার বাবুর খাল দখল, ভরাট ও অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ তুলে খালটি উদ্ধার ও পুনঃখননের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার বিয়ানীবাজার টু চন্দুরপুর লোলা খাল থেকে উৎপন্ন বাবুর খাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত আবেদন জমা দেন ভুক্তভোগী এলাকাবাসী।
আবেদনে উল্লেখ করা হয়, বিয়ানীবাজার পৌরসভার বাবুর বাজার এলাকা সংলগ্ন লোলা খাল থেকে উৎপন্ন বাবুর খাল দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন, কৃষিকাজে সেচ সুবিধা এবং এলাকাবাসীর চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই খাল দিয়েই বৃষ্টির পানি নিষ্কাশন হয়ে কুশিয়ারা নদীতে পতিত হয়।
অভিযোগ রয়েছে, প্রভাবশালী একটি মহল খালটি দখল করে ধীরে ধীরে ভরাট করে বাড়িঘর, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে। ফলে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আবেদনে আরও বলা হয়, অতীতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে খাল দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীতে আবারও খাল দখল ও ভরাটের কাজ শুরু হয়। সম্প্রতি একটি কনভেনশন হল ও অন্যান্য স্থাপনা নির্মাণের মাধ্যমে খালটি পুনরায় ভরাট হয়ে যাচ্ছে, যা এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।
এলাকাবাসীর দাবি, খালটি সম্পূর্ণভাবে দখলমুক্ত করে এর সীমানা নির্ধারণ, পুনঃখনন এবং ভবিষ্যতে দখল রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তা না হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়বে।
এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান স্থানীয়রা।
আজকের সিলেট/এএসআর
বিয়ানীবাজার প্রতিনিধি 








