সুনামগঞ্জের দিরাই পৌর শহরের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার সকাল ১১টায় দিরাই পৌর শহরের মধ্যবাজার থেকে থানা পয়েন্ট পর্যন্ত পরিচালিত এ অভিযানে ফুটপাত দখলমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাতের ওপর স্থাপিত অবৈধ দোকানপাট, অস্থায়ী টং দোকান ভাসমান দোকান ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়।
এ সময় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, দিরাই পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং দিরাই থানা পুলিশের একটি দল অভিযানকে সার্বিকভাবে সহায়তা করে।
উল্লেখ্য, বারবার উচ্ছেদ অভিযান করেও দিরাইয়ের ফুটপাত দখলমুক্ত রাখা যাচ্ছে না। স্থানীয় পেশিশক্তির জোরে একদিকে ফুটপাতগুলো নিয়মিত দখল হচ্ছে, অন্যদিকে উপজেলা প্রশাসন তা দখলমুক্ত রাখার চেষ্টা করছে। গত ১৫ দিন আগে দখলমুক্ত করা হয়েছে ফুটপাত আবার দখল হয়ে যাওয়ায় তা উদ্ধার করেছে প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার বলেন, "ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য সংরক্ষিত।
অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে সাধারণ মানুষ, বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ লাঘব ও পৌর শহরের শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, পুনরায় কেউ ফুটপাত দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
সংবাদদাতা 








