দীর্ঘ ১৬ বছর পর স্কুল ও মাদ্রাসা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৪৫ AM

দীর্ঘ ১৬ বছর পর স্কুল ও মাদ্রাসা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ০৫:১৮:৩৩ PM

দীর্ঘ ১৬ বছর পর স্কুল ও মাদ্রাসা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে


দীর্ঘ প্রায় ১৬ বছর পর সারা দেশের ন্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলাতেও পুনরায় অনুষ্ঠিত হচ্ছে স্কুল ও মাদ্রাসা পর্যায়ের বৃত্তি পরীক্ষা।এর অংশ হিসেবে ২০২৫ সালের জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষা (অষ্টম শ্রেণি) এবং মাদ্রাসা বোর্ডের অধীনে ইবতেদায়ী-৫ম শ্রেণী ও দাখিল (অষ্টম শ্রেণি) বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।

রোববার থেকে শুরু হয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব পরীক্ষা চলবে।জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।অপরদিকে দাখিল (অষ্টম শ্রেণি) বৃত্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার তত্ত্বাবধানে জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষা এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে ইবতেদায়ী ও দাখিল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

জৈন্তাপুর উপজেলায় দুটি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।কেন্দ্র দুটি হলো—জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসা।

মাদ্রাসা বোর্ডের অধীনে ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় জৈন্তাপুর উপজেলায় মোট পরীক্ষার্থী ছিল ৭৯ জন,এর মধ্যে অনুপস্থিত ছিল ৮ জন। দাখিল (অষ্টম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৫৫ জন,যেখানে অনুপস্থিত ছিল ৩০ জন।

অন্যদিকে জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষা–২০২৫ এ জৈন্তাপুর উপজেলায় মোট পরীক্ষার্থী ছিল ৩০৫ জন। এর মধ্যে ৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন এবং কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধাণ শিক্ষক গোলাম মোস্তফা সরকার। অপরদিকে দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবেদ হুসেন এবং কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ ফয়জুর রহমান চৌধুরী।

দীর্ঘদিন পর জুনিয়র বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মহলে ব্যাপক সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর