ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার সংগ্রামের প্রতীক। তাঁর নেতৃত্বেই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল।
তিনি বলেন, বারবার নির্যাতন, বাধা ও ষড়যন্ত্রের শিকার হয়েও দেশ ও জনগণের স্বার্থে খালেদা জিয়া কখনো আপস করেননি। স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে তিনি কখনো মাথা নত করেননি। নিজের জীবন ঝুঁকির মধ্যে থাকলেও দেশ ও মানুষকে ছেড়ে তিনি কখনো বিদেশে যাননি। এমন ত্যাগী ও সংগ্রামী নেত্রী বিশ্ব ইতিহাসে খুবই বিরল।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিয়ানীবাজার পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় পিএইচজি হাইস্কুল মাঠে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কোরআন ও গণদোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেলের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামেয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি মুজিবুর রহমান।
গণদোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আশফাক আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল হুদা বাবুলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ দোয়া মাহফিলে অংশ নেন।
আজকের সিলেট/এএসআর
বিয়ানীবাজার প্রতিনিধি 








